‘গুপ্তধন’ ভেবে ঘরে নিয়ে রেখেছিলেন পুরনো গ্রেনেড, উদ্ধার করলো পুলিশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সানিয়াজান নদীতে মাটি কাটার সময় পাওয়া একটি পুরনো গ্রেনেডকে ‘গুপ্তধন’ ভেবে এক মাস ধরে নিজের কাছে রেখেছিলেন কৃষক লেবু মিয়া (২৫)। পরে বিষয়টি বুঝতে পেরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আশরাফুজ্জামান জানান, প্রায় এক মাস আগে বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটার সময় লেবু মিয়া গ্রেনেডটি পান। তিনি সেটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে নিয়ে যান এবং বিভিন্ন উপায়ে সেটি ভাঙার চেষ্টা করেন। রোববার রাতে তিনি বুঝতে পারেন এটি আসলে পুরনো গ্রেনেড। পরে তিনি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পকে বিষয়টি জানান।

বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ইত্তেফাক/জেডএইচডি