মাদকাসক্ত ছেলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ ছিলেন বিধবা মা। শেষ পর্যন্ত সইতে না পেরে ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন। পরে ওই তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মেহেদী হাসান অন্তর (২১)। তিনি পৌরসভার মধ্যবাজারের মৃত নিমাই মিয়ার ছেলে। সোমবার (২ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, সোমবার এক নারী ছেলেকে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন। ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীকে হারিয়েছেন প্রায় ১৭ বছর আগে। সেই থেকে তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন। এর মধ্যে এক ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। চাহিদা মতো টাকা না দিলেই চালায় নির্যাতন। কোনো কোনো সময় টাকা না পেলে হাতের কাছে যা পায় তাই ভাঙচুর করে। ধারালো অস্ত্র নিয়ে হুমকিও দেয়। এ সব কথা শুনে তাৎক্ষনিক আনসার সদস্য দিয়ে অভিযুক্ত ছেলেকে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান তিনি।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সুনন্দা দরকার প্রমা বলেন, ভুক্তভোগী ওই নারী ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। সোমবার মাদকাসক্ত অবস্থায় পরিবারের ওপর নির্যাতন করে অন্তর। সেই অবস্থায় ছেলেকে নিয়ে আসেন তার মা। পরে মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত অন্তর মাদক সেবনের কথা স্বীকার করে। মা ও ভাইয়ের আবেদন ও সাক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
