দক্ষিণ কোরিয়ার সদ্য পদত্যাগ করা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে, তিনি গতকাল (মঙ্গলবার) গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তাকে প্রহরায় রাখা হয়েছে।
সম্প্রতি তাকে সামরিক আইন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কোরিয়া কারেকশনাল সার্ভিসের কমিশনার জেনারেল শিন ইয়ং হে বুধবার আইনপ্রণেতাদের বলেন, আগের রাতে সিউলের একটি বন্দিশালায় আত্মহত্যার চেষ্টা করেন কিম।
তিনি বলেন, কেন্দ্রের কর্মকর্তারা কিমকে থামানোর পর তার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়। তার শারীরিক অবস্থা এখন ভালো।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, আজ বুধবার পুলিশ তীব্র তদন্তের জন্য প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অফিসেও তল্লাশি চালানোর চেষ্টা করে।
প্রধান উদারপন্থী বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টিও চার দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইয়ুনকে অভিশংসনের জন্য একটি নতুন প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করছে।
গত শনিবার ইয়ুনের বিরুদ্ধে বিরোধীদের প্রথম অভিশংসন প্রচেষ্টা ব্যর্থ হয়। ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা ফ্লোর ভোট বর্জন করেন।
এপির প্রতিবেদন বলছে, ইয়ুনের অপরিকল্পিত ক্ষমতা দখল দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশটির পররাষ্ট্রনীতি স্থবির করেছে এবং আর্থিক বাজারকে বিপর্যস্ত করে তুলেছে।
অপরদিকে, বুধবার প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার অস্থিরতার খবর প্রকাশ করেছে।
