৫ দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের সড়কে পর্যাপ্ত পরিমাণ সড়ক বাতি স্থাপনসহ গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উল্লেখ আছে।
স্মারকলিপিতে মূলত ৫ টি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময় উপযোগী সংস্কার; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন; দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট- কাজী মোতাহের হোসেন ভবন- শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল- কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ্ হল, কার্জন হল, মোকাররম ভবন-কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রসরোডে, মসজিদ- সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন; রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক সড়ক বাতি স্থাপন।
