আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন ডিএসইর সূচক

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:১২

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

g ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আগের পতনের ধারাবাহিকতায় গতকাল রবিবার সপ্তাহের শুরুতে উভয় শেয়ারবাজারে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমেছে। আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ডিএসইএক্স। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ১২ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ১৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৫৪ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে মাত্র ৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪২ দশমিক ৮০ পয়েন্ট কমে ৫১৭৯ দশমিক ৫০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৮৫৩ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১১৯০ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার।

 লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, এমএল ডাইং, ঢাকা ইন্সুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, মুন্নু সিরামিক, সিনোবাংলা ইন্ডা., ফেডারেল ইন্সুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও গ্লোবাল ইন্সুরেন্স। 

 দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ফরচুন সুজ, ঢাকা ইন্সুরেন্স, এমএল ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, আইসিবি অগ্রণী ওয়ান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, গ্রামীণফোন, ইবিএল ১ম মি.ফা. ও বিডি অটোকার। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : সিএপিএম বিডিবিএল মি.ফা., প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি.ফা., বিআইএফসি, আরামিট সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনার লিজিং, আইসিবি এমপ্লোয়ি প্রেভিডেন্ট মি.ফা. ওয়ান, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি.ফা., তাল্লু স্পিনিং ও মাইডাস ফাইন্যান্স।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৮১ পয়েন্টে। এই সূচকটি ২ মাসের মধ্যে সর্বনিম্ন। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।