পরিশ্রম সফলতার একমাত্র সিঁড়ি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:২৩

মো.আখতার হোসেন আজাদ

মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকার জন্য তাকে কাজ করতে হয়। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। একটি প্রবাদ আছে ‘পরিশ্রম সাফল্যের প্রসূতি’। পরিশ্রম দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা পরিশ্রমবিমুখ মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রখর ইচ্ছেশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সাফল্যের সুউচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। পরিশ্রম হলো উন্নতির একমাত্র সিঁড়ি। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত।

ব্রিটিশবিজ্ঞানী জনডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্বোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন। তাঁর পিতা ছিলেন একজন সামান্য তাঁতি। কিন্তু নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত এটমিকথিওরি আবিষ্কার করেন। লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, ‘যখন কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তোমার সহায় হবে। জীবনে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। ‘মার্কিন বেসবল খেলোয়াড় বেবরুথ বলেছেন, যে পরিশ্রম করতে জানে তাকে হারানোর সাধ্য কারো নেই। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন। আরেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুস প্রথম জীবনে কেরানি ছিলেন। আন্ডরু কার্নেগি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরবর্তীকালে তিনিই আমেরিকার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। টমাস আলভা এডিসনকে ছেলেবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত। কঠোর পরিশ্রমের ফলে গ্রামোফোন, ভিডিওক্যামেরা, বৈদ্যুতিক বাতিসহ শতশত আবিষ্কার করে পৃথিবী খ্যাত হয়েছেন। বিস্ময়কর ফুটবলার লিওনেল মেসি এক সময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। অথচ কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিশ্ববিখ্যাত ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করতে পেরেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব। যারা কঠোর পরিশ্রমী, সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন। পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতীব করুণ হয়। প্রবাদ আছে—অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমহীন মানুষেরা সকলের কাছে নিগৃহীত হয়। কোনো কাজে সফলতা লাভ করতে না পেরে সমাজের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে।

n লেখক :শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া