ত্রাণকাজে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান কাদেরের

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২১:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দেশের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের সহযোগিতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত মানুষের জান-মাল রক্ষায় সার্বিক সহযোগিতা এবং ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ বন্যাকবলিত মানুষের সহযোগিতা ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে গত এক দশকে দুর্যোগ ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেছে বাংলাদেশ। এক সময়ের বন্যা, খরা, মঙ্গা, দুর্যোগ-দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।

ফলোআপ চিকিত্সার জন্য

সিঙ্গাপুরে গেছেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের ফলোআপ চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন। সে দেশের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ওবায়দুল কাদের গতকাল রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিত্সা করাবেন। এর আগে তিনি একই হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে গত ১৫ মে দেশে ফিরেছিলেন। তিনি জানান, তার সহধর্মিণী বেগম ইশরাতুননেসা কাদের তার সঙ্গে রয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী সিঙ্গাপুরে রয়েছেন। আগামী ১৭ জুলাই ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।