গাজীপুরে খালের দূষিত পানি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে নগরীর ৩২ নং ওয়ার্ডে জাঝর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করে বলেন, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে নগরীর ১৫, ১৭ ও ৩২ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের উপর দিয়ে মোগড়খালটি প্রবাহিত হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে প্রবাহিত হয়ে টঙ্গী খালে গিয়ে শেষ হয়েছে। খালটির শুরুর স্থান থেকেই দূষণের শিকার হয়ে আসছে। মহানগরীর ভোগড়া ও আশপাশের এলাকার বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও বাজারের দূষিত পানি খালটি দিয়ে প্রবাহিত হয়।
খালটির পাশে যারা বসবাস করেন তাদের বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। খালপাড়ের কোনো জমিতে ফসল হয় না। খালের পাড়ে বসবাসকারী শিশু-নারী-পুরুষ ও সাধারণ মানুষ নানা প্রকার রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন। দূষণের তীব্রতা এতটাই প্রকট যে, টিনের চাল বা সীমানা প্রাচীর এমনকি লোহার কাঁটাতারের বেষ্টনীও দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। তাই দূষণে অতিষ্ঠ এলাকার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যুগ যুগ ধরে চলতে থাকা এই পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসন ওয়াকিবহাল থাকা সত্ত্বেও কার্যকর ভূমিকা নিচ্ছে না। বারবার অভিযোগ করলেও এর কোনো প্রতিকার নেই। স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবুল বলেন, আমরা বারবার এ খালের দূষণের বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি। কিন্তু কোনো সুফল মেলেনি।
