রাজধানীর কোতোয়ালি থানা এলাকা হতে ১৮ টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মোল্লা (৩০), মো. আব্দুল্লাহ (২৪), জয় হোসেন (২২) ও মো. শহিদুল ইসলাম (৪৮)। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ১৮ টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি উদ্ধার করা হয়।
রোববার (২২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানাধীন ওয়াইজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা সূত্র জানায়, রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, ওয়াইজঘাট এলাকার ব্যাকল্যান্ড বাঁধ রোডের সিটি করপোরেশন মার্কেটের সামনে কিছু ব্যাক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় উল্লিখিত চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ১৮ টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি স্বল্প মূল্যে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ঢাকার সদরঘাটসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মোবাইল সেট, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে
