চাঁদের পথে ওড়ার অপেক্ষায় ভারতের চন্দ্রযান-২

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০০:৪২

নতুন ইতিহাস লেখাতে যাচ্ছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুর পথে রওনা হতে যাচ্ছে চন্দ্রযান-২ নামের ভারতীয় মহাকাশযান। এটির উেক্ষপণের ক্ষণগণনা শুরু হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিট থেকে কাউন্টডাউন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় সোমবার ভোররাত ২ টা ৫১ মিনিটে ভারতের মহাকাশযান উেক্ষপণ কেন্দ্র অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান থেকে চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে রওনা হবে। তিন দশমিক আট টন ভারী মহাকাশযানটিকে বহন করে কক্ষপথে নিয়ে যেতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তাদের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে থ্রি ব্যবহার করবে। ৬৪০ টন ওজনের ১৫ তলা ভবনের সমান উচ্চতার এ রকেটের নাম দেয়া হয়েছে ‘বাহুবলী’।

মহাকাশ অভিযান সফল হলে তারা হবে চন্দ্রজয়ী চতুর্থ দেশ। এখন পর্যন্ত কেবল রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন), যুক্তরাষ্ট্র ও চীন এ তালিকায় আছে। চন্দ্রযান-২ চাঁদের যে অংশে নামতে যাচ্ছে, এর আগে সেখানে কোনো মহাকাশযান নামেনি।