আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সাংবিধানিক অধিকার-বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত করতে প্রণয়ন করা হয়নি। এটি করা হয়েছে শুধু সাইবার অপরাধ দমনের জন্য। তিনি বলেন, এ আইনের অপব্যবহার আমরা হতে দিব না। সেজন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব। গতকাল রবিবার রাজধানীর গুলশানে নিজের আবাসিক অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনঝি তিরিংকের নেতৃতে ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান হাইকমিশনারও এ বৈঠকে অংশ নেন।
ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উনাদের কিছু কনসার্ন ছিল। সেই কনসার্নগুলোর অগ্রগতি জানার জন্যই মূলত উনারা এসেছিলেন। তিনি বলেন, আজ মূলত আইনটির ৪৩ ধারা নিয়ে আলোচনা হয়েছে। আমি উনাদের কথা শুনেছি এবং এটার ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। এছাড়া এ আইনের বিধিমালা প্রণয়নের সময় এ বিষয়ে আবারও তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছি।
