বগুড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭

আলোকোজ্জ্বল বড়দিনের মহোৎসব চলাকালীন সন্ধ্যায় 'আছি সবার পাশে'-শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে 'জাতীয় ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ' ও 'পিপীলিকা'। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের রেলস্টেশনপাড়ায় ছিন্নমূল মানুষের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন 'জাতীয় ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ'র উদ্যোক্তা আহ্বায়ক কবি ও চিকিৎসক সাজ্জাদ সাঈফ, সদস্য সচিব আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রচার সেল সম্পাদক শাকিল আহমেদ ও বগুড়ার একঝাঁক মেধাবী তরুণ উদ্যোক্তা। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন দায়িত্বশীল রেলপুলিশ কর্মকর্তাবৃন্দ। 

'বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন' ও 'বৈষম্যবিরোধী শিল্পী লেখক ডায়াস'র উত্তরবঙ্গ প্রতিনিধি কবি সাজ্জাদ সাঈফ তারুণ্যের সব সামাজিক উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান করে আশা প্রকাশ করেন যে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন বাংলাদেশে যে কোনো জাতীয় উন্নয়ন কার্যক্রমে দেশপ্রেমিক বলিষ্ঠ তরুণদের অংশীদার না করলে কোনো উন্নয়নই যে টেকসই হবে না। 

আতিকুল ইসলাম বলেন, যার যার অবস্থান হতে সচেতন দেশবাসী গণমানুষের জীবনমান উন্নয়নে কাজ করলে বাংলাদেশ নিঃসন্দেহে নিজস্ব জনসম্পদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। 

ইত্তেফাক/এসএএস