সারাদেশে বিজয় মঞ্চ থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীর ভোট চাওয়া হবে:নাসিম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশের সব জেলা উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীর জন্য ভোট চাওয়া হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরো বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণকে আহ্বান জানানো হবে। এই বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্বয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে সম্মিলিত মুক্তিযোদ্ধা   সংসদের আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।