চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:০৩

চাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে স্বামী খোরশেদ আলম পাটওয়ারী। রবিবার চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামে শহরের মিশন রোড এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে খোরশেদ। এর আগে ভোর রাতে স্ত্রী বেবী বেগমকে নিজ বসত ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খোরশেদ।

নিহত বেবী বেগমের ভাই মফিজুল ইসলাম জানান, সকালে তার বোন জামাই খোরশেদ আলম ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পর সদর হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ আসে। দ্রুত তারা সংবাদ দিতে বোনের বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা দেয়া। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে বেবী বেগমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। ঠিক কি কারণে এই ঘটানাটি ঘটেছে তার সঠিক কোন কারণ জানাতে পারেনি নিহতদের পরিবার।

আরও পড়ুন: বিয়ের এক মাসের মাথায় নুসরতের মন খারাপ!

তবে এলাকাবাসী জানিয়েছে, প্রায়ই খোরশেদ আলম তার স্ত্রীকে মারধর করতো। নিহত দম্পতির ৩ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় খোরশেদ ও তার স্ত্রী বেবী একাই বাড়িতে থাকতেন।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, কী কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহই মনে হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ