সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান জানান সংগঠনসংশ্লিষ্টরা।

রোববার (২৯ ডিসেম্বর)  অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক যে ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট নয়। এজন্য দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে। 

অনলাইন এডিটরস অ্যালায়েন্স মনে করে, গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। এজন্য ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার আহ্বান জানান সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

বিবৃতিতে আরও বলা হয়,, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একইসাথে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

ইত্তেফাক/এএম