জাপার নতুন মহাসচিব মশিউর রহমান রাঙা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

ব্যাংকের ঋণখেলাপির দায়ে পটুয়াখালী-১ আসনে আগেরদিন মনোনয়নপত্র বাতিল হওয়ার পরদিন গতকাল সোমবার জাতীয় পার্টির (জাপা) ‘মহাসচিব’ পদও হারালেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তাকে বাদ দিয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে।

সকালে মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বিকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রাঙ্গা বললেন, ‘বিদায়ী মহাসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কিছু সত্যতা  আছে। কিছু অভিযোগ অসত্য। তিনিসহ আরও কারো বিরুদ্ধে যদি মনোনয়ন বাণিজ্যের নামে   দলের নেতাদের কাছ থেকে টাকা-পয়সা নেওয়ার অভিযোগ থাকে, ক্ষতিগ্রস্ত কেউ যদি লিখিত অভিযোগ করেন, তাহলে ২/১ দিনের মধ্যেই প্রেসিডিয়াম সদস্যদের দিয়ে একটি কমিটি করে দেওয়া হবে; তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’