ম-য়ে মেয়র, ম-য়ে মশা, মেয়র এবং মশা
এক শ টাকার স্ট্যাম্পে লেখা চুক্তি হাতে বসা।
চুক্তি ছাড়া বাঁচবে নাকি? বেকুব ধরে গাছে!
মেয়র পড়ে, মশাও পড়ে চুক্তিতে কী আছে!
কিনবে মেয়র মশার ওষুধ, কাজ হবে না যাতে
পয়সা কামাই করবে লোকে ওষুধ কেনার খাতে।
একে ওকে কামড় দেবে মশা মনের সুখে
ডেঙ্গু হয়ে নগরবাসীর জীবন যাবে চুকে।
মরবে শিশু, জোয়ান, বুড়ো—সবাই মরার কালে
কপাল রেখে চড়-থাপ্পড় মারবে নিজের গালে।
ক্লিনার যারা হাত দেবে না মশার আবাসস্থলে
চুক্তিনামায় দুই পক্ষের লাভ না হলে চলে!
ভিড়বে না তো কোনো মশা মেয়র স্যারের কাছে
চুক্তিমতো চলবে মশা, স্পষ্ট লেখা আছে।
মশার নিষেধ হুল ফোটানো মেয়র স্যারের ত্বকে
মশার সাথে মেয়র কি আর চুক্তি করে শখে!
