টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রামের (সিটেক) শিক্ষার্থীরা প্রভাষক (কারিগরি) সাইফুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার (১ জানুয়ারি) দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, 'সাইফুল স্যার সৎ, নীতিবান এবং ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয়। তার বদলি শিক্ষার মানের ওপর বিরূপ প্রভাব ফেলবে। আমরা তার বদলি আদেশ প্রত্যাহার চাই।'
গত ২৪ ডিসেম্বর থেকে বদলির প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। তবে আশানুরূপ সাড়া না পেয়ে আজ বড় পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন।
পরবর্তীতে অধ্যক্ষ জামিরুল ওসমান শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে সুপারিশ করেন। বিকেল ৫টার দিকে বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিক্ষার্থীদের ফোনে জানান, আগামী ১২ জানুয়ারির মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।
উল্লেখ্য, বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে প্রভাষক সাইফুল ইসলামের বদলি কার্যকর করা হয়।
