বিনোদন ডেস্ক
বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। শুধু নামেই নয় কাজেও এর প্রমাণ দিয়েছে বহুবার। তবে সব বাদশাকেই আসন ছেড়ে দিতে হয়। নতুনদের আগামন ঘটে সেখানে। সেই সময়টা হয়তো চলে এসছে শাহরুখের। নিজের সময় ফুরিয়ে যাওয়ার আভাসটা হয়তো তিনি নিজেই পাচ্ছেন। কারণ শাহরুখের সিনেমা মানেই যেখানে বক্স অফিস কাঁপানো ব্যবসা সেখানে দিন শেষে মলিন মুখে ফিরতে হচ্ছে তাকে। তাই এখন নতুন সিনেমা নিয়ে ভাবছেন না তিনি। ‘জিরো’ সিনেমার ভড়াডুবির পর এখন আর নতুন সিনেমা নিয়ে কোনো আলোচনায় নেই এই বলিউড বাদশা। নিজের পরিবারের সাথে এখন বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। তবে নিজের প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। শিগগিরই শাহরুখ তার প্রযোজনায় নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ আনতে চলেছেন। একটি ভৌতিক গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজটির নাম ‘বেতাল’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের প্রযোজনায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। এর আগে পরিচালক প্রতীক গ্রাহাম রাধিকা আপ্তকে নিয়ে ‘ঘোউল’ ওয়েব সিরিজটি বানিয়েছিলেন। এবারের এই ভৌতিক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে বিনীত কুমার সিং ও অহানা কুমারকে। যদিও এই ওয়েব সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। এর আগে ইমরান হাসমিকে মুখ্য ভূমিকায় রেখে তার প্রথম ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’ প্রযোজনা করেন শাহরুখ খান। এছাড়াও কিং খানের হাতে রয়েছে ববি দেওল অভিনীত ‘ক্লাস অফ ৮৩’ মুক্তি পাবে শাহরুখের প্রযোজনায় নেটফ্লিক্সে।
