আমলাতান্ত্রিক জটিলতায় প্রধানমন্ত্রী অনুমোদিত ‘মুজিব কিল্লাহ’ প্রকল্প

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুই মাস আগে একনেক সভায় ‘মুজিব কিল্লাহ’ প্রকল্প অনুমোদন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় এর বাস্তবায়ন কাজ শুরু হতে পারছে না বর্তমান সরকারের আমলে। বন্যাদুর্গত মানুষদের আশ্রয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া এই উদ্যোগ প্রকল্প আকারে বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সৃষ্ট নানা জটিলতার কারণে এটি ফাইলবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের সিনিয়র সহকারী প্রধান শ্রীনিবাস দেবনাথ কৌশলে গড়িমসি করে প্রকল্পের নামের ছোট্ট একটি সংশোধনী পরিকল্পনা কমিশনে পাঠান ১০/১২ দিন আগে। তাও দেড় মাস পর। তবে তিনি প্রকল্পের সফ্ট কপি পাঠাননি। সফ্ট কপি না পাওয়া পর্যন্ত অনুমোদনপত্র দেওয়া সম্ভব নয় বলে প্রকল্প ফাইলবন্দি করে রেখেছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তা কোহিনূর বেগম।

এ ব্যাপারে শ্রীনিবাস দেবনাথ গতকাল সোমবার ইত্তেফাককে বলেন, পরিকল্পনা কমিশন থেকে এখনও অনুমোদনপত্র না আসায় প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করা যাচ্ছে না। একই কারণে জনবল কাঠামোর অফিস আদেশও অধিদপ্তরে পাঠানো হয়নি। জানা গেছে, শ্রীনিবাস প্রকৌশলী না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হতে চেষ্টা করছেন। মূলত এই কারণেই কৌশলে তিনি প্রকল্পের বাস্তবায়নকাজে বিলম্ব ঘটাচ্ছেন।