স্পোর্টস রিপোর্টার
পৃথিবী জুড়েই আবহাওয়া ভালো যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এ উপমহাদেশ পর্যন্ত আবহাওয়া ভালো না। প্রবল বর্ষণ দেশের বিভিন্ন জেলা প্লাবিত করেছে। জনজীবন অনেকটাই ব্যাহত। রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। গত কয়েক দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের অবস্থাও যে খুব একটা ভালো, তা-ও বলা যাবে না। এমন প্রতিকূল আবহাওয়ায় আজ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান আবাহনী ম্যাচটা হবে কি হবে না তা নিয়ে কেউ ভাবেও না। ফুটবলের আগের দিনটা হলে আবহাওয়া নিয়ে দর্শকদের মধ্যে উত্কণ্ঠা থাকতো। অনেকে প্রার্থনা করতেন যেন খেলার দিন বৃষ্টি না হয়। ফুটবলের বর্তমান সময়ে এখন সেই প্রার্থনা করার মানুষটি খুঁজে পাওয়া কঠিন। হূদয় হতে উত্সারিত প্রেমময় ফুটবল, ভালোবাসার ফুটবল নিয়ে আবেগে অবগাহন করার মতো আগ্রহ কমেই গেছে প্রায়। দেশের মাঠে এখন সেই খেলোয়াড়টি খুঁজে পাওয়া কঠিন, যার নান্দনিকতায়, চোখ ধাঁধানো ফুটবল শৈলীর টানে মাঠে ছুটবে দর্শক।
এখনকার ফুটবলের মোহামেডান আবাহনী নাম দুটি মোহবিষ্ট করে না তাদের কোটি কোটি ভক্তদের। ফুটবল ভক্তরা জানেন এ দুটি দলের নামের গৌরব থাকলেও ফুটবলসৌরভ ছড়ানোর মতো মোহামেডান আবাহনীর বাগানে ফুল নেই। চুন্নু, আসলাম, রুমী, মুন্না, ওয়াসিম, কায়সার হামিদ, সালাম, বাদল, জোসী, সাব্বিরদের নিয়ে নষ্টালজিক হন দর্শক। এখনকার সময়ে তারকা ফুটবলার উঠে না আসলেও ফুটবলে টাকার ছড়াছড়ি রয়েছে। এ দুই ক্লাব তারকা উপহার দিতে পারছে না। খেলোয়াড়দেরও খ্যাতনামা হওয়ার স্বপ্ন নেই। যাকে দেখে পথচারী থমকে যাবেন।
তারপরও যত তীরবিদ্ধ কথাই হোক, মোদ্দা কথা হচ্ছে এখনকার সময়ে মোহামেডান আবাহনী নিয়ে অনেক সমালোচনা আলোচনা থাকলেও দিন শেষ এ দুই দলের নামের ভার আছে। যদিও এ দুটি দলের মধ্যে শিরোপার জন্য কাড়াকাড়ি নেই। তারপরও পয়েন্ট টেবিল বলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের মধ্যে ফাইট হবে। কারণ বসুন্ধরা কিংস হতে আবাহনী অনেকটা দূরে চলে গেছে। অমঙ্গল কামনা করছে যেন বসুন্ধরা ম্যাচ হারে। তাহলে আবাহনীর জন্য সুবিধা। অঙ্কের হিসাবে এখনো লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আবাহনীর। বর্তমান লিগ চ্যাম্পিয়ন আবাহনীর হাতে যেকয়টি ম্যাচ রয়েছে তার পুরো পয়েন্ট তুলে নিতে চায়। যদি কোনো সুযোগ এসে যায় তাহলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। ২০ খেলায় আবাহনীর ৫১ এবং ১৯ খেলায় বসুন্ধরার ৫৫ পয়েন্ট।
আবাহনীর চেয়ে মোহামেডানের অবস্থা আরো করুন। টেবিলে ৯ নম্বরে থাকা মোহামেডান ১৯ খেলায় মাত্র ১৭ পয়েন্ট পেয়েছে। যার মধ্যে জয় মাত্র ৪টি, ড্র ৫টি এবং হার ১০টি। ২০ গোল করে ৩৪ গোল হজম করেছে।
আজ আবাহনীর বিপক্ষে মোহামেডানের যে লড়াইটি হবে সেটি শিরোপা কিংবা রানার্স আপের জন্য নয়। রেলিগেশনের গ্যাঁড়াকলে যেন না পড়ে তা ঠেকাতে মোহামেডান চায় জিততে।
মোহামেডানের জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে আবাহনীর আক্রমণে হাইতিয়ান বেলফোর্ট থাকছেন না।
আজকের খেলা
রহমতগঞ্জ ও বিজেএমসি। মোহামেডান ও আবাহনী। ৪টা ও ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। নোফেল ও শেখ রাসেল। ৪টা, নোয়াখালী।
বসুন্ধরা ও ব্রাদার্স। ৪টা, নীলফামারী।
মুক্তিযোদ্ধা ও আরামবাগ। ৪টা, গোপালগঞ্জ।
