হারে শুরু ইনডোর হকি
স্পোর্টস রিপোর্টার
গতকাল থাইল্যান্ডে শুরু হওয়া এশিয়ান কাপ ইনডোর হকিতে গ্রুপের প্রথম খেলায় বাংলাদেশ ০-৬ গোলে হেরেছে মালয়েশিয়ার বিপক্ষে। আজ দ্বিতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ইরান এই টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন। এবার এশিয়ান ইনডোর হকির অষ্টম আসর। চ্যাম্পিয়ন ইরানী কোচ হামিদ রেজা এখন বাংলাদেশের কোচ হয়ে কাজ করছেন। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা।
গতকাল সকালে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ হেরে গেল। ঢাকা ছাড়ার আগে খেলোয়াড়রা মালয়েশিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার টার্গেট করেছিল। অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল বলেছিলেন, মালয়েশিয়াকে ধরে ফেলতে চাই।’ কিন্তু বাস্তবে সেটা হলো না। প্রথম ম্যাচ সামাল দেওয়া কঠিন। মালয়েশিয়া তিনবারের রানার্সআপ। তাদের বিপক্ষে বাংলাদেশের মতো অনভিজ্ঞ দল পারবে না এবং পেরে উঠা সম্ভব না, তা সহজেই অনুমেয়। শিতুল, জিমি, কৌশিক, ইমরান হাসান পিন্টু, রুম্মন, মিলনরা কম ব্যবধানে হেরেছে এটাও কম কি।
চুনবুরীর ফিজিক্যাল ইনডোর জিমনেসিয়ামে সিনথেটিক টার্ফে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে ছিল। ২০ মিনিট করে ৪০ মিনিট খেলা হয়। ম্যাচের ২ মিনিটেই পেনাল্টি কর্নার হতে প্রথম গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ গোলটি হয় পেনাল্টি স্ট্রোক হতে। অন্যগুলো ছিল ফিল্ড গোল।
