ঘাটাইলে (টাঙ্গাইল) সংবাদদাতা
মুক্তিযোদ্ধা, প্রবীণ আইনজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আ. রশিদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মনি, নিহতের ছোটো ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লালন প্রমুখ।
গত ৮ জুলাই মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজা নিখোঁজ হন। এর পাঁচ দিন পর শনিবার টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকায় লৌহজং নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
