রংপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৪

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুর কেন্দ্রীয় কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম হেকমত আলী(৩৫)। রবিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গত ৯ জুলাই পীরগাছা থানা পুলিশ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য হিসেবে একটি চুরির মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। সে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের সোলায়মান আলীর ছেলে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, ঐদিন হেকমতের স্বজনরা তার সঙ্গে দেখা করে। এর কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হতে থাকলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।