'জনপরিসরে হতে হবে নিয়ন্ত্রণহীন'

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

জনপরিসরে বুদ্ধিবৃত্তিক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, অপপ্রচার রোধ, লৈঙ্গিক সমতা ও সংবেদনশীলতার ব্যাপারে সচেতনতা তৈরিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক ডিজিটাল ও ভয়েজ ফর ইন্টার্যাতকটিভ চয়েজ অ্যান্ড এমপাওয়ারমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় ইত্তেফাক ভবনের মজিদা বেগম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন কোলাবোরেটিভ অ্যাকশন্স ফর প্রোমোটিং ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস অ্যান্ড কমব্যাটিং জেন্ডার ডিজইনফরমেশন প্রোগ্রামের অফিসার সৈয়দ তাওসিফ মোনাওয়ার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েজ ফর ইন্টার্যাবকটিভ চয়েজ অ্যান্ড এমপাওয়ারমেন্টের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন, ডেপুটি ডিরেক্টর মুশাররাত মাহেরা, ইত্তেফাকের হেড অব আইটি রেজা হাফিজ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন, হেড অব ডিজিটাল শরাফত হোসেন, ইত্তেফাক অনলাইনের বার্তা সম্পাদক রিজুয়ানা রিন্তী, মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হক প্রমুখ। 

বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি এমন একটি জনপরিসর, যেখানে মানুষ কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়া স্বাধীনভাবে মত প্রকাশ করবে। আমরা দেখেছি বিগত সরকারের সময়ে এই মৌলিক অধিকারটি নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কোনো কথা সরকারের বিরুদ্ধে গেলে হামলা-মামলার মুখে পড়তে হয়েছে। এমনকি সাংবাদিকরাও হয়রানির শিকার হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ এসেছে। জনপরিসরে যেন অন্যায়ভাবে নিয়ন্ত্রণের খড়্গ নেমে না আসে, সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। তবে মত প্রকাশের ক্ষেত্রেও সামাজিক রীতিনীতি, প্রচলিত আইন ও ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধা রেখে সচেতন ও সহনশীল আচরণ করতে হবে মনে করেন তারা।

তারা আরও বলেন, মুক্তমত প্রকাশে কেউ কোথাও বাধার মুখে পড়ছে কিনা, কিংবা কারোর অধিকার খর্ব হচ্ছে কিনা, গণমাধ্যমে আসা সেসব সংবাদ আমরা পর্যবেক্ষণ করব। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাজের স্বাধীনতার ব্যাপারে সচেতনতা তৈরিতেও নানা উদ্যোগ নিচ্ছি। বছরব্যাপী এই প্রকল্পের আওতায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্ল্যাটফর্মে অ্যাডভোকেসি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনসহ নানাকিছু আয়োজন করা হবে। প্রকল্প শেষে আমরা আমাদের জনপরিসরের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করতে পারব এবং সহনশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে নীতিনির্ধারণী পরামর্শ প্রদান করতে সক্ষম হবো।

প্রসঙ্গত 'কোলাবোরেটিভ অ্যাকশন্স ফর প্রোমোটিং ডিজিটাল অ্যান্ড সিভিক স্পেস অ্যান্ড কমব্যাটিং জেন্ডার ডিজইনফরমেশন' শীর্ষক জনসচেতনতা তৈরির কাজ করছে ইত্তেফাক ডিজিটাল ও ভয়েজ ফর ইন্টার্যাতকটিভ চয়েজ অ্যান্ড এমপাওয়ারমেন্ট। এতে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সহযোগিতা করছে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইন্টিন।

ইত্তেফাক/এসটিএম