চাঁদপুরে মলমপার্টির খপ্পরে দুই লঞ্চযাত্রী

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৬

চক্রের দুই সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা ভাণ্ডারিয়াগামী যাত্রীবাহী লঞ্চে মলমপার্টির খপ্পরে পড়ে সান্দু শিকদার (৫৫) ও আব্দুল লতিফ গাজী (৭৫) গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় চাঁদপুর নৌ-থানা পুলিশ মলমপার্টি চক্রের দুই সদস্যকে আটক করেছেন। আহত দুই যাত্রী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে আহত দুই যাত্রীকে উদ্ধার ও মলমপার্টি চক্রের সদস্য মো. দুলাল হাওলাদার ও মজিবুর রহমানকে আটক করা হয়। আহত যাত্রী সান্দু শিকদার বরিশাল জেলার বানারীপাড়া থানার চিরপাড়া এলাকার মৃত আছমত আলী শিকদারের ছেলে এবং আব্দুল লতিফ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢালী পাড়া এলাকার মৃত আদম আলী গাজীর ছেলে। আটক দুলাল হাওলাদার ঝালকাঠি জেলার কাঠালিয়ার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে এবং মজিবুর রহমান পটুয়াখালী জেলার কপালভেড়া এলাকার মো. ওয়াজেদ আলী মৃধার ছেলে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু তাহের খান জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে আসার পর লঞ্চস্টাফ ও যাত্রীদের সহায়তায় মলমপার্টির দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু অজ্ঞান করার কাজে ব্যবহূত বিভিন্ন প্রকার ওষুধ, মলম, দুটি মোবাইল জব্দ করা হয়। আহত যাত্রীদেরকে চাঁদপুর লঞ্চঘাটের মালিক প্রতিনিধি মো. শাহ আলম মিজির সহায়তায় পুলিশ সদস্যরা চিকিত্সার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।