নবযাত্রায় মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বিভাগের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো। এছাড়াও উপস্থিত ছিলেন একই ইউনিভার্সিটি ও বিভাগের পিএইচডি শিক্ষার্থী রামোজন খুজামবেরদিভে ও মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।  

প্রধান অতিথি বলেন, শিল্প বিপ্লবের এই যুগে আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৩০ জন শিক্ষার্থী এ বিভাগে ভর্তির অনুমতি দেয়। 

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭ বছর মেয়াদি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট নামে মাভাবিপ্রবি'র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্প্রসারণ, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি।  

ইত্তেফাক/এসএএস