স্টেশনে যাত্রী রেখে চলে গেল ট্রেন, মাস্টার অবরুদ্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

ট্রেন ছাড়বে এই  আশায় স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। তবে সেই ট্রেনটি নির্ধারিত সময়ের আগে যাত্রীদের স্টেশনে রেখেই চলে গেছে। পরে ক্ষুদ্ধ যাত্রীরা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে নাটোর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ছেড়ে যাওয়া খুলনাগামী সীমান্ত এক্সেপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই ছেড়ে চলে গেছে বলে অভিযোগ তুলেছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী  সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে বুধবার ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনে ৩ মিনিটের যাত্রা বিরতির কথা ছিল। তবে এক মিনিট যাত্রা বিরতি শেষে রাত ১২টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। এ অবস্থায় প্রায় অর্ধশত যাত্রী ট্রেনটিতে উঠতে পারেন নি। অনেকেই ট্রেন থেকে নামতে পারেন নি। পরে ক্ষুদ্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের রুমে ঢুকে পড়েন, যুক্তি-তর্কের এক পর্যায়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। সবশেষ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

শিমুল, সাদেকুল ও ফারাজানা নামের তিন যাত্রী জানান, ট্রেনটি দ্রুত ছেড়ে যাওয়ার কারণে অনেক যাত্রী একসঙ্গে নামতে শুরু করে। তাদের চাপে ট্রেনে অনেকেই উঠতে পারেন নি। অনেক যাত্রী ট্রেন থেকে নামতেই পারেন নি। এ নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে সমাধানের জন্য স্টেশন মাস্টারের কাছে নালিশ নিয়ে যান। তর্কের এক পর্যায়ে মাস্টারকে অবরুদ্ধ করে যাত্রীরা।

নাটোর রেলস্টেশন মাস্টার শামীম হোসেন জানান, স্টেশনে ৩ মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও দেড় মিনিটে ট্রেনটি ছেড়ে গেছে। বিষয়টি কন্ট্রোল রুমসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প আর কোনো ট্রেন না থাকায় যাত্রীদের জন্য কিছু করা সম্ভব হয়নি। ট্রেন পরিচালনার দায়িত্বে থাকেন গার্ড। আমাদের তেমন কিছু করার থাকে না।

ইত্তেফাক/এপি