শ্রীলংকায় রাজাপাকসের প্রধানমন্ত্রিত্বে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫২

শ্রীলংকার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির এক আদালত। গতকাল সোমবার আদালত বলেছে, প্রধানমন্ত্রী পদের বৈধতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজাপাকসে কার্যক্রম চালাতে পারেন না। খবর আল-জাজিরা ও এনডিটিভি’র

গত মাসে পার্লামেন্টে দুইবার অনাস্থা ভোটের শিকার হলেও রাজাপাকসে পদত্যাগ অস্বীকৃতি জানান। বিচারক অর্জুনা ওবেসেকেরি গতকাল প্রধানমন্ত্রীর কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে বলেন, রাজাপাকসে এবং তার মন্ত্রিপরিষদ যদি কার্যক্রম চালিয়ে যায় তাহলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিচারক বলেন, এই সিদ্ধান্তে দেশ সরকারবিহীন হয়ে পড়বে। তবে কিছু মানুষ যাদের সরকার চালানোর আইনি বৈধতা নেই তাদের দ্বারা দেশের ক্ষতি হবে। আগামী ১২ ডিসেম্বর আপিল কোর্ট এই বিষয়ে পূর্নাঙ্গ রায় দেবে। আইনজীবী এম এ সুমানথারিয়ান জানান, অনাস্থা ভোট সত্ত্বেও প্রধানমন্ত্রী পদে থাকায় আদালতে চ্যালেঞ্জ করেন ১২২এমপি। রাজাপাকসে জানিয়েছেন, তিনি আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন করেন না। মঙ্গলবার (আজ) তিনি আপিল করবেন। গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়।