মহানগরীর চান্দগাঁও এলাকায় সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বাসা থেকে সোমবার এক নারী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মীর মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন অনেকে। মৃত গৃহকর্মীর নাম উম্মে হাবিবা (২২)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী শহরিয়াপাড়ায়। গৃহকর্মী হলেও অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মৃত তরুণী অধ্যক্ষ নুরুল আলমের দূর সম্পর্কের আত্মীয়া। অধ্যক্ষের দাবি, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। চান্দগাঁও থানার ওসি আবুল কালাম জানান, চান্দগাঁও আবাসিক এলাকার একটি ভবনের তৃতীয় তলায় অধ্যক্ষের বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উম্মে হাবিবার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
