ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অবস্থিত হাসনাবাদ গির্জায় যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় এটি ভেঙেচুরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলজিইডির আওতাধীন এই ৫০০ মিটার সড়ক দিয়ে এখন আর কোনো যান চলাচল করতে চায় না। এতে বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। হাসনাবাদ গির্জা থেকে সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গেট পর্যন্ত সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়। পুরাতন বান্দুরা বাজার থেকে সেন্ট ইউফ্রেজিস স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার সড়কটির একটি স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের অবহেলার কারণে রাস্তার এই দুরবস্থা। স্থানীয় বাসিন্দা ফিদেল ডি কস্তা বলেন, প্রতি রবিবার গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে বিশেষ প্রার্থনায় আসতে চরম সমস্যায় পড়তে হয়। হাসনাবাদ সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মার্গারেট বলেন, প্রতিদিন সড়কটি দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
বান্দুরা ইউপি চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া বলেন, ‘অনেক দিন আগে রাস্তটি মেরামত করা হয়েছিল। রাস্তাটি আবার মেরামতের জন্য বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী অফিসকে তাগাদা দিয়েছি, কিন্তু এ বিষয়ে তাদের কোনো উদ্যোগ নেই।’
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, ‘এই রাস্তার ব্যাপারে আমি অবগত আছি। আশা করছি খুব শিগগিরই কাজের দরপত্র আহ্বান করা হবে।’
