তুরাগে কিশোর গ্যাং গ্রুপের ১১ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০৪

রাজধানীর উত্তরা, তুরাগ, আব্দুল্ল­াহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের আত্মপ্রকাশ ঘটেছে বলে র্যাব জানিয়েছে। সম্প্রতি গ্রুপগুলোর মধ্যে কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুভ নামে এক কিশোর খুন হয়। এলাকায় আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে র্যাগিং করা,  স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং গ্রুপগুলোর অন্যতম কাজ। গ্যাংভিত্তিক তাদের নিজস্ব লোগো রয়েছে; যা দেয়াল লিখন ও ফেসবুকে ব্যবহার করে তারা। ফেসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি প্রদান করে স্ট্যাটাস দেয় এবং পরস্পরের আইডি হ্যাক করার চেষ্টা করে।

র্যাব রবিবার রাতে তুরাগের বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের ১১ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে। তাদের নাম হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, রমজান আলী, বাবু মিয়া, নজরুল ইসলাম, শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মাহমুদ হীরা, রনি ইসলাম ও সাগর হোসেন। তাদের কাছ থেকে দুটি শটগান, চার রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি জব্দ করা হয়।