টাঙ্গাইল পাসপোর্ট অফিসে ঘুষ না দিলে হয়রানি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:১৯

টাঙ্গাইল পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সেবাপ্রত্যাশীদের হয়রানি করছে— এমন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের একটি টিম সরেজমিনে গিয়ে হয়রানির প্রমাণ পেয়েছে। অপরদিকে রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণ তদারকিতে রাজউকের অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালায়। দুদক টিম অভিযোগের বিষয়ে একাধিক সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে। তারা প্রত্যেকেই সেবা পেতে বিভিন্ন অঙ্কের ঘুষ প্রদান করতে বাধ্য হয়েছেন বলে জানান। দুদক টিম আরো জানতে পারে, উল্লিখিত অফিসের ১০৬ নম্বর কক্ষে পাসপোর্ট অফিসে কর্মরত ডেইলি বেসিস আউট সোর্সিং কর্মচারীরা মূলত এ লেনদেনের সঙ্গে জড়িত। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে ঐ কর্মচারীরা পালিয়ে যান। টিম পাসপোর্ট অফিসে সেবার মান নিশ্চিতকরণ এবং দালালদের দৌরাত্ম্য রোধে সহকারী পরিচালককে পরামর্শ প্রদান করে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ভবন নির্মাণে তদারকিতে রাজউকের অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। অভিযোগ আসে, ‘ডি বিল্ডার্স অ্যান্ড প্রোপার্টিস লিমিটেড’ নামক একটি ডেভেলপার কোম্পানি মোহাম্মদপুরের তাজমহল রোডে রাজউকের বিধি লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ করছে। প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়। দুদক টিম ভবনটি নির্মাণে রাজউকের নকশার বেশ কিছু ব্যত্যয় ঘটেছে বলে প্রমাণ পায়। এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের দায়িত্বে অবহেলা রয়েছে বলে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ অনিয়মের বিষয়ে আরো অনুসন্ধানের অনুমোদন চেয়ে টিম কমিশনে চিঠি পাঠিয়েছে।