ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে তুলাধোনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৯৪৭ সালে নয়, অযোধ্যায় রাম মন্দির পবিত্রকরণের পর ভারত 'সত্যিকারের স্বাধীনতা' পেয়েছে বলে আরএসএস প্রধানের মন্তব্যকে 'দেশদ্রোহিতার' সমান বলে উল্লেখ করেছেন তিনি। রাহুল বলেন, অন্য কোনো দেশ হলে এ জন্য তাকে গ্রেপ্তার করে বিচার করা হতো।
বুধবার (১৫ জানুয়ারি) দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়নি, এ কথা বলার মানে প্রতিটি দেশবাসীকে অসম্মান করা। সময় এসেছে, এই সব অবান্তর কথা শোনা ও বলা বন্ধ করা। দেশের মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেস এই দেশ গড়ে তুলেছে। দেশকে সফল করেছে এবং সেসব করেছে সংবিধানকে ভিত্তি করেই।
এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন, ১৯৪৭ সালে নয়, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিনই দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে।
রাহুল বলেন, দুই-তিন দিন পর পর মোহন ভাগবত ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন। মঙ্গলবার তিনি যা বলেছেন, তা দেশদ্রোহ। কারণ তিনি দেশের সংবিধানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন, অস্বীকার করেছেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেছেন। এতটাই তার ঔদ্ধত্য যে, সেসব কথা বলেছেন প্রকাশ্যে। এটা দেশদ্রোহ। অন্য কোনো দেশ হলে এ জন্য তাকে গ্রেপ্তার করে বিচার করা হতো।
