বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এসময় মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩০৮), ঢাকার মার্কিন দূতাবাস এলাকার (৩০২) বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২১০) ও ভারতের দিল্লি (১৯১)। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
উজবেকিস্তানের তাসখন্ত ও নেপালের কাঠমুন্ডু তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ঢাকার গুলশান লেক পার্ক (২৮৪), সাভারের হেমায়েতপুর (২৮০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল (২৪৪), কল্যাণপুর (২৪২), গোঁড়ান (২২৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৭), পশ্চিম নাখালপাড়া সড়ক (২২৬), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২১৭), এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৬ গুণ বেশি রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
