বহুজাতিক কর্পোরেট কোম্পানি অ্যাপেক্স ডিএমআইটি বাংলাদেশি স্নাতক পড়ুয়াদের পূর্ণকালীন চাকরির সুযোগ দিচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কঠোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাতজন শিক্ষার্থীকে নির্বাচিত করেছে অ্যাপেক্স ডিএমআইটি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আর্থিক, ব্যাংকিং এবং রিয়েল এস্টেট খাতে ডেটা ম্যানেজমেন্ট, সফটওয়্যার, বিশ্লেষণ এবং অবকাঠামোগত পরিষেবার জন্য বিখ্যাত অ্যাপেক্স ডিএমআইটি এই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম দেবে বলে জানায় কর্তৃপক্ষ।
ডিআইইউ এবং অ্যাপেক্স ডিএমআইটির মধ্যে স্বাক্ষরিত এমওএ অনুষ্ঠানের চেয়ারম্যান মাইক কাজী নতুন প্রতিভার বিকাশ ও উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে এই অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে জানান, এই উদ্যোগ পরিবর্তনকে আলিঙ্গন করার পাশাপাশি পরিবর্তিত প্রেক্ষাপটে সঙ্গে সঙ্গতিপূর্ণ অবস্থান রেখে শেখার মূল্যবোধকে প্রতিফলিত করে।
এই সহযোগিতা বাংলাদেশের আইটি খাতকে এগিয়ে নেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।
এই সহযোগিতা অ্যাপেক্স ডিএমআইটির আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবনকে রূপান্তরিত করার, ক্ষমতায়নকে উৎসাহিত করার এবং সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তিনি উল্লেখ করেন।
মাইক কাজী আরও বলেন, ডিআইইউ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিয়ে অ্যাপেক্স ডিএমআইটি তাদের পেশাগত বিকাশকে সমর্থনের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে অবদান রাখছে ।
অ্যাপেক্স ডিএমআইটির জেনারেল ম্যানেজার ইসমত জাহান এবং ডিআইইউ-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মনজুরুল হক সম্প্রতি এমওএ স্বাক্ষর করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুর রহমান, ডিআইইউর অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, ড. মোহাম্মদ মাসুম ইকবাল (এফবিই), ড. শেখ রাশেদ হায়দার নূরী (সিএসই), মো. নাসিমুল কাদের (সিআইএস) প্রমুখ।
