সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রির জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার টুকেরবাজারের বউবাজারে ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে। বিকেল ৩টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ হলেও এলাকায় উত্তেজনা রয়েছে।
এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকালে ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে আজ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে ভোগান্তিতে পড়ে পর্যটক ও যাত্রীবাহি বহু যানবাহন।
এদিকে পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীসহ বেশ কয়েকজন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
