ডিএসইর লেনদেন নেমেছে ২৭১ কোটি টাকায়

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:৪০

টানা দরপতনের পর গতকাল সূচক বাড়ল ৩২ পয়েন্ট

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে গতকাল কিছুটা স্বস্তি থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ব্যাপক হারে কমে গেছে। গতকাল মঙ্গলবার মাত্র ২৭১ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। পতনের ধারাবাহিকতায় টানা ৭ কার্যদিবসে ডিএসইর ব্রড ইনডেক্স ২৮৯ পয়েন্ট হারিয়েছে। এই বড়ো পতনের পর গতকাল প্রায় ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এদিকে মঙ্গলবারও ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর আড়াইটার কিছু আগে মতিঝিলে ব্রোকারেজ হাউজ থেকে বেরিয়ে ডিএসইর সামনে বিক্ষোভে অংশ নেন তারা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ থেকে আগের মতোই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনার এবং ডিএসইর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ৯ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৬২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৭১ কোটি ৭৬ লাখ ১৫ হাজার টাকা। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫১২৪ দশমিক ৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৮২৯ দশমিক ৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮.৯৩ পয়েন্ট বেড়ে ১১৭৫ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—সি পার্ল বিচ রিসোর্ট, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক লি., বাংলাদেশ শিপিং করপোরেশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, ঢাকা ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা ও ফেডারেল ইন্সুরেন্স। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মি. ফা. ওয়ান, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, আইসিবি সোনালী মি. ফা. ওয়ান, গ্লোবাল ইন্সুরেন্স, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্স, আর এন স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও জাহিনটেক্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ফার্স্ট ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফেডারেল ইন্সুরেন্স, জিল বাংলা সুগার মিল, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্সুরেন্স, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ও নর্দান জুট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭০৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।