জার্মানিতে একটি পার্কে বুধবার ছুরি হামলায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (২২ জানুয়ারি) আনাদোলু এজেন্সি জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের আসচাফেনবার্গে সহিংস এ ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ১১টার দিকে শোয়েন্টাল পার্কে ছুরি হামলার এমন ঘটনা ঘটে। সন্দেহভাজনকে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখন জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।
পুলিশের সূত্রের বরাত দিয়ে জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
গত নভেম্বরে এই পার্ক এলাকার কিছু অংশকে 'বিপজ্জনক স্থান' হিসেবে ঘোষণা করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ডাকাতি ও হামলার ঘটনা সেখানে বেশি ঘটে।
