শুরু হচ্ছে এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:২১

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে '৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব—২০২৫'। 

'যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়' স্লোগানে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। এতে অংশ নিবেন চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠকরা। 

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ সোলাইমান এবং গ্লোবাল সোর্সিং পরিচালক ওয়ালমার্টের মুনতাসিম বিল্লাহ। 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব। এছাড়াও উপস্থিত থাকবেন এনডিএফ বিডিটি সাবেক মহাপরিচালক সাফায়েত হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জুয়েল চৌধুরী। শিক্ষার্থীদের জাদুকরী উপস্থাপনার মাধ্যমে মাতিয়ে রাখতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উপস্থাপক ও এনডিএফ বিডি-এর মহাপরিচালক লায়ন এম আলমগীর।  

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিতার্কিক সংগঠন এনডিএফ বিডি দীর্ঘ ২২ বছর ধরে দেশের বিতর্ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ ডিবেট লিগ, জাতীয় বিতর্ক ক্যাম্প, আন্তর্জাতিক বিতর্ক বিনিময় কর্মসূচি, যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন, জাতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় বিতর্ক উৎসবসহ অসংখ্য কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা পালন করছে সংগঠনটি।  

ইত্তেফাক/এসএএস