চাটমোহরে পৌর এলাকার সড়ক বেহাল

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:১৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

প্রথম শ্রেণির পৌরসভা চাটমোহর; কিন্তু নাগরিক সুবিধা তৃতীয় শ্রেণির  পৌরসভার সমতুল্যও নয়। কারণ এই পৌরসভার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহালের কারণে নাগরিকরা সকল প্রকার সুবিধা থেকেই বঞ্চিত। এই পৌরসভার অভ্যন্তরীণ সড়কেরও করুণ অবস্থা। সড়কগুলো দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হওয়ায় যানবাহন ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা গেছে, চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী। পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সদর দপ্তর থেকে থানা মোড় হয়ে দোলং পর্যন্ত সড়কটি হাজারো খানাখন্দে ভরা। বিশেষ করে থানার সামনে ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। যানবাহন চলা তো দূরে থাক, পায়ে হেঁটে চলতেই কষ্ট হয়। চাটমোহর থানা মোড় হতে উপজেলা পরিষদ এলাকা হয়ে নতুন বাজার হাই স্কুল মোড় পর্যন্ত সড়কেরও একই হাল। এই সড়ক ভেঙেচুরে একাকার। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এছাড়া বিভিন্ন মহল্লার সড়কগুলো চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। 

অটোভ্যান চালক আফ্রাতপাড়া গ্রামের বজলুর রহমান, ছটো শালিখার মহরম হোসেন, কুমারগাড়ার মানিক, সোনাহারপাড়ার আকতারসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, পৌরসভা থেকে প্রতিটি গাড়ির চাঁদা আদায় করা হচ্ছে। অথচ সড়কগুলো মেরামত করার নাম নেই। এই পৌরসভায় গাড়ি চালানোই মুশকিল। নতুন বাজার হতে শাহী মসজিদ, শাহী মসজিদ হতে আফ্রাতপাড়া, জিরো পয়েন্ট হয়ে থানা বাজার, থানা মোড় হতে বাসস্ট্যান্ড হয়ে পল্লী বিদ্যুত্ সমিতি, বাসস্ট্যান্ড হতে মহিলা কলেজ হয়ে ভাদুনগরে সব সড়কেরই বেহাল। মালামাল পরিবহন ও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।

চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মো. জিয়ারুল হক সিন্টু জানান, পৌরসভার প্রায় সব সড়কই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান শিক্ষক মো. আলতাব হোসেন বলেন, এসব রাস্তা দ্রুত সংস্কারের দাবি পৌরবাসীর; কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, দ্রুতই সড়কগুলোর সংস্কার করা হবে। ইতিমধ্যে কিছু সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। আর কিছু সড়কের কাজ শুরু করা হয়েছে।