নবজাতককে পাঠানো হচ্ছে ছোটমণি নিবাসে

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২২

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক কন্যাশিশুকে আদালত সমাজকল্যাণ বিভাগের আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ আদেশ দেন।

দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত এক প্রসূতি তার সদ্যভূমিষ্ঠ কন্যাশিশুকে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করেছিলেন। সোমবার পিরোজপুর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। ঐদিন নিজের সদ্যজাত সন্তানকে টাকার বিনিময় অপরের কোলে তুলে দিয়ে চলে যান মা সেলিনা বেগম।

পিরোজপুরের সিভিল সার্জন মো. ফারুক আলম জানান, হাসপাতালে বাচ্চা ফেলে গেছে এক মা—এমন খবর পেয়ে পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিত্সা দেওয়া হচ্ছিল।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বিক্রি হওয়ার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে হেফাজতে নেয়। পরবর্তীতে মঙ্গলবার আদালতে পাঠানো হলে বিচারক তার লালনপালনের দায়িত্ব সমাজসেবা বিভাগের কাছে অর্পণ করেন।

এদিকে যে পরিবারটি পাঁচ হাজার টাকায় নবজাতককে কিনেছিল তাদের আর হদিস পাওয়া যায়নি বলে জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন। তিনি আরো বলেন, আদালতের নির্দেশে শিশুটি তার তত্ত্বাবধানে রয়েছে। আজ বুধবার সকালে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সমাজসেবা অধিদপ্তরের শিশু লালন কেন্দ্র ‘ছোটমণি নিবাসে’ নিয়ে যাওয়া হবে।