ব্রেক্সিট ভোটে হারলেও পদত্যাগ করবেন না থেরেসা মে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, আগামী সপ্তাহে পার্লামেন্টে অনুষ্ঠিতব্য ব্রেক্সিট ভোটে হারলেও তিনি পদত্যাগ করবেন না। গত কয়েকদিন গুঞ্জন ওঠে যে, ভোটে হারলে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করতে পারেন থেরেসা মে। আগামী ১১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটি হবে। খবর দ্য হেরাল্ডের

আইটিভি’র দিস মর্নিংকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের খসড়া প্রস্তাব খারিজ না করতে এমপিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমি এখনো দুই সপ্তাহ ক্ষমতায় আছি। ভোটাভুটি নিয়ে কাজ করছি। আমরা জনগনের ইচ্ছা অনুযায়ী কাজ করবো। আমরা সেটাই করবো যেটা আমাদের জন্য ভাল হয়। এক প্রশ্নের জবাবে থেরেসা মে বলেন, আগামী কয়েকদিনে অনেক প্রশ্ন, অনেক মন্তব্য আসবে। কিন্তু যখন ভোটাভুটি হবে তখন এমপিরা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। প্রধানমন্ত্রী জানান, ‘ভোট দেওয়ার আগে এমপিরা ৫ দিন বিতর্ক করবেন। তারপর তারা ভোট দেবেন। আমাদের সুন্দর ভবিষ্যতের জন্যই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে হবে বলে আমি মনে করি।’ ব্রেক্সিট পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন থেরেসা মে।