বিজিবি দেখে ভারতীয় গরুর মাংস ফেলে পালাল পাচারকারী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

শেরপুরের  সীমান্তে ভারত থেকে পাচারকালে  ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে বিজিবির অভিযান টের পেয়ে গাড়ি ভর্তি মাংস রেখে পালিয়ে গেছে পাচারকারীরা। 

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে শেরপুরের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে মাংসগুলো জব্দ করেন ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে  ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্পের  সামনে অভিযান শুরু করে বিজিবি। এসময় বিজিবির অভিযান টের পেয়ে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে পালিয়ে যায়। পরে মাংসসহ গাড়িটি জব্দ করা হয়। এসব মাংস নিলামে বিক্রি করা হবে।  

হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, বিজিবির অভিযান টের পেয়ে গাড়ি ভর্তি মাংস রেখে পালিয়ে গেছে জড়িতরা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃদ গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এপি