উচ্ছ্বাসে ভাসছেন না বিজয়

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে এখন চট্টগ্রামে আছেন এনামুল হক বিজয়। গতকাল দুপুরেই শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পাওয়ার খবরটা পেয়েছেন তিনি। সন্ধ্যার আগে মোবাইলফোনের ওপ্রান্তে বিজয়ের কণ্ঠে অবশ্য অত উচ্ছ্বাস ধরা পড়ল না। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা ডানহাতি এই ওপেনারের পা মাটিতেই থাকছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বিজয় আশাবাদী, একাদশে সুযোগ পেলে লঙ্কা সফরে ভালো কিছুই হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য লিটন দাসের জায়গায় তৃতীয় ওপেনারের দৌড়ে নির্বাচকদের টেবিলে ছিল বিজয় ও ইমরুল কায়েসের নাম। অগ্রজ ইমরুলকে টপকে গেছেন বিজয়, আফগানদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত চারদিনের ম্যাচের সিরিজে সেঞ্চুরি করে। খুলনায় প্রথম ইনিংসে অপরাজিত ১২১ ও দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেছিলেন তিনি। যদিও ম্যাচটা বাংলাদেশ ‘এ’ দল হেরেছিল। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ রান করেছিলেন বিজয়।

আফগানদের বিরুদ্ধে এই সেঞ্চুরিই সুযোগ এনে দিয়েছে বিজয়। একই সিরিজে তিন ইনিংস খেলে ৩৬ রান করা ইমরুল সুযোগ পেলেন না লঙ্কা সফরের দলে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলেছেন, পড়তি ফর্মের কারণেই সুযোগ হয়নি ইমরুলের। ডাক পেয়েছেন ইনফর্ম বিজয়। সঙ্গে ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুযোগটা ধরে রাখতে চেয়েছেন নির্বাচকরা।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ওয়ানডে খেলেছিলেন বিজয়। ওই সিরিজে তিন ম্যাচে ৩৩ রান করার পর অনেকেই এই তরুণের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। অবশ্য তার বিবর্ণ পারফরম্যান্সই এমন ধারণা উসকে দিয়েছিল। কারণ ২০১৮ সালে সাত ওয়ানডে খেলে ৮৮ রান করেছিলেন এই ওপেনার।

তবে কিছুদিন অফ-সিজনেও নিজেকে ফিট রাখার চেষ্টা করে গেছেন বিজয়। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের পর কোনো খেলা ছিল না ঘরোয়া ক্রিকেটে। ঈদের আগে এলিট ক্যাম্প, পরে ‘এ’ দলের জন্য অনুশীলন করেছেন। সেই পরিশ্রমের ফলই পেয়েছেন তিনি আফগান ‘এ’ দলের বিরুদ্ধে হোম সিরিজে।

ওয়ানডে দলে ফেরার বিষয়ে জানতে চাইলে গতকাল ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘সবার কাছে দোয়া চাই। আল্লাহ ভরসা। আশা করি ভালো কিছু হবে। এছাড়া আর কিছু বলার নাই।’

শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়। ৩৭ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করা এই ওপেনার বলেন, ‘আসলে ঐ রকম কিছু বলতে চাচ্ছি না। চাইবো সবাই যেন দোয়া করে। আশা করি ভালো কিছু হবে।’

খুলনায় আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরিটা আত্মবিশ্বাস দিচ্ছে বিজয়কে। তিনি বলেছেন, ‘প্লেয়ারদের কাজ হলো ভালো খেলা। ভালো খেলা, রান করার বিকল্প নেই। আর ভালো খেললে তো ভালো লাগেই।’

ফের ওয়ানডে দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া এবার আর দেখা যায়নি বিজয়ের মাঝে। যেন পরিণত ক্রিকেটারের পরিচয়টা এবার ২২ গজেও দিতে চান তিনি। ওপেনিংয়ে তামিম-সৌম্য প্রথম পছন্দ হলেও লঙ্কা সিরিজে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন বিজয়। এবং সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন ডানহাতি এই ওপেনার।