বাংলাদেশের দ্বিতীয় হার ইরানের কাছে

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪১

এশিয়ান ইনডোর হকি

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে অনুষ্ঠানরত অনভিজ্ঞ বাংলাদেশ দল এশিয়ান ইনডোর হকিতে এবার ইরানের কাছে হেরেছে। গতকাল দুপুরে থাইল্যান্ডের চুনবুরি ইনেডার জিমনেসিয়ামে অনুষ্ঠিত ‘ক’  গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ০-৮ গোলে হেরেছে শক্তিশালী ইরানের কাছে। ইরানের নুরজ্জাদেহ রেজা তিনটি, নুরানিয়ান হামিদ দুটি গোল করেন। একটি করে গোল করেন আমির মাহদি, নাভিদ ও বেহদাদ।

ইরান সাত বারের চ্যাম্পিয়ন দল। এই দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই করা ছিল কঠিন। কারণ, বাংলাদেশের জিমি, শিতুল, মিলন, কৌশিক, রাব্বি, পিন্টু, অসীম, আশরাফুলরা এবারই প্রথম ইনডোর হকিতে অভিষেক। তা ছাড়া সিনথেটিক  টার্ফ নেই বাংলাদেশের। অনুশীলন করতে হয়েছিল কোনো রকমে। মাসখানের অনুশীলন যথেষ্ট না হলেও আগে ম্যাচ খেলার অভিজ্ঞতাও ছিল না।

প্রথমবারের মতো ইনডোর হকি খেলতে গিয়ে বাংলাদেশ গ্রুপের প্রথম খেলায় ৬-০ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিপক্ষে। এক দিন পর গতকাল হারল চ্যাম্পিয়ন ইরানের কাছে। শক্তিশালী ইরানের বিপক্ষে খেলতে নেমে পঞ্চম মিনিটের মধ্যে তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর খানিকটা দম নিয়েছে ইরানিরা। ১৬ মিনিটে আবার গোল হজম করলে বাংলাদেশ চার গোলে পিছিয়ে পড়ে।

ইরানি খেলোয়াড়রা বাংলাদেশ দলকে অনভিজ্ঞ বুঝতে পারলেও ছাড় দেয়নি। কারণ বাংলাদেশের বর্তমান কোচের কাছে তালিম নিয়েই ইরান সাতবার ট্রফি জিতেছিল। সেই চ্যালেঞ্জের কারণেই দলটি গোলের সংখ্যা বাড়িয়ে নেয়।

টানা দুই হারের কারণে বাংলাদেশ এখন প্রতিযোগিতা থেকে বিদায় নিতে চলেছে। বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় তৃতীয় খেলায় ফিলিপাইনের মুখোমুখি হবে। এই খেলায় জয় পেলে বাংলাদেশের সামনে সপ্তম স্থান পাওয়ার লড়াইয়ে নামার সুযোগ মিলবে। আগামীকাল শেষ খেলায় থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান ইনডোর হকিতে দুই গ্রুপে খেলছে আট দল।