কর্নাটকে তাইজুলের ঘূর্ণি জাদু চলছেই

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

মিনি রঞ্জি ট্রফিতে বল হাতে সময়টা ভালোই কাটছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পাওয়া তাইজুল ইসলামের। কর্নাটকে টুর্নামেন্টের প্রথম চারদিনের ম্যাচে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিসিবি একাদশের হয়ে ৮৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। গতকাল দ্বিতীয় ম্যাচে ডি ওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষেও চার উইকেট তুলে নিয়েছেন তিনি।  তাইজুলের ঘূর্ণি জাদুতেই পাতিল ক্রিকেট একাডেমির স্কোরটা অনেক বড় হয়নি। গতকাল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩০০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। দলের পক্ষে সারদেশাই সেঞ্চুরি করেছেন। তিনি ১১২ রানে ও মুকেশ চৌধুরী ৪ রানে অপরাজিত আছেন। এছাড়া তামোর ২০, নওশাদ শেখ ৩৮, সুবহাম রঞ্জন ৫০, সরফরাজ খান ১৭, আমান খান ৪৩ রান করেন। বিসিবি একাদশের পক্ষে তাইজুল চারটি, তাসকিন দুটি, শহীদুল-নাঈম হাসান একটি করে উইকেট নেন।