বরগুনার রিফাত হত্যা

এবার মিন্নিকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৫৮

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী  তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মিন্নিকে তাঁর বাবার বাড়ি থেকে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির তাঁর সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনে জানান, মামলার তদন্তের জন্যই আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে গ্রেফতার বা আটক করা হয়নি। মিন্নির সঙ্গে তাঁর বাবা মোজাম্মেল হোসেন           কিশোরকেও পুলিশ লাইনসে আনা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, রিফাত শরীফ হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি তিন জন এখনো রিমান্ডে রয়েছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

মিন্নির চাচা আবু সালেহ জানান, মিন্নির বাবার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ সদস্যের পুলিশ টিম এখনো অবস্থান করছে। সকাল পৌনে ১০ টার দিকে নারী পুলিশের একটি দল  রিফাত হত্যা মামলার আসামিদের শনাক্ত ও মামলার বিষয়ে কথা বলার জন্য মিন্নিকে পুলিশ লাইনসে নিয়ে যায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।