বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া মাঝিড়া নিবাসে প্রতিষ্ঠানের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন এরিয়া কমান্ডারের পত্নী সাবিহা আসাদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মাসুদ রানা।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীসহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

ইত্তেফাক/এমএএস