শরণার্থী আটকাতে ট্রাম্পের নতুন চিন্তা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:৪১

যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয় প্রার্থনা ঠেকাতে নতুন আরেক নিয়ম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়মে যুক্তরাষ্ট্রে আসার পথে শরণার্থীরা প্রথম যে দেশ হয়ে আসবে সেই দেশেই আশ্রয় প্রার্থনা করতে হবে। ফলে নিয়মটি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে শরণার্থীদের জন্য এক নতুন বাধার দেয়াল হয়ে দাঁড়াল। ট্রাম্প প্রশাসন সোমবার ‘নিরাপদ তৃতীয় দেশ’-এ শরণার্থীদের আশ্রয় খোঁজার এ নিয়ম ঘোষণা করেছে এবং মঙ্গলবার থেকে তা কার্যকর বলে ধরা হবে। নতুন নিয়মটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদিত নয়। কেবলমাত্র বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ নিয়ম ঘোষণা করেছে। ফলে মার্কিন ফেডারেল আদালতে নিয়মটি চ্যালেঞ্জের মুখে পড়বে। -বিবিসি